গ্রেফতার দুই শ্রমিকনেতা সুলতানা বেগম ও মো. ইলিয়াসের অবিলম্বে মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) এবং ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন (এফএলএ)। একইসঙ্গে শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, ন্যায্য মজুরি এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।
বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, দুই শ্রমিকনেতাকে গ্রেফতার ও কারাগারে আটক রাখার ঘটনা গ্রহণযোগ্য নয়। এতে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের জন্য চলমান আলোচনা ও সমঝোতার প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি দায়িত্বশীল পোশাক সরবরাহকারী দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি অর্থবহভাবে পুনর্নির্ধারণের বিষয়ে আয়োজিত একটি ওয়েবিনারে অংশ নেওয়ার পর গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সভাপতি সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে গ্রেফতার করা হয়। সংগঠনটি প্রায় ৬৫ হাজার শ্রমিকের প্রতিনিধিত্ব করে।
যুক্তরাষ্ট্রের পোশাক ও জুতাশিল্পের ব্যবসায়ীদের সংগঠন এএএফএ এবং আন্তর্জাতিক শ্রম অধিকারবিষয়ক সংগঠন এফএলএ বলেছে, তারা দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণে দ্রুত ও শান্তিপূর্ণ আলোচনার পক্ষে অবস্থান নিয়ে আসছে। কিন্তু শ্রমিক নেতাদের গ্রেফতার ও আটক রাখার ফলে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
যৌথ বিবৃতিতে সংগঠন দুটি বাংলাদেশ সরকারকে শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর সংগঠন করার স্বাধীনতার অধিকার সম্মান করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে এমন মজুরি নিশ্চিত করার কথা বলেছে, যাতে পোশাকশ্রমিকেরা নিজেদের ও পরিবারের ভরণপোষণ করতে পারেন।
শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের ওপর সহিংসতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনেরও নিন্দা জানিয়েছে তারা। ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া চলাকালে এবং পরবর্তী সময়ে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে এ ধরনের কর্মকাণ্ডের প্রকাশ্য নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।
এর আগে বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনার সুপারিশ করেছিল এএএফএ। সংগঠনটির মতে, ২০২৩ সালের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় করা হয়নি। অথচ এ সময়ের মধ্যে মূল্যস্ফীতি বেড়েছে। জ্বালানির উচ্চমূল্যের কারণে দেশের পরিবারগুলোর ব্যয়ও বেড়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গত ১৫ নভেম্বর চিঠি দিয়েছেন এএএফএর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার। চিঠিতে তিনি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়মিত পর্যালোচনার পাশাপাশি তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব
এদিকে, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন চলছে। শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।
ওই দিন শ্রম ভবনে বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। এরপর থেকেই শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গত বুধবার সাভার-আশুলিয়া, গাজীপুর ও ঢাকার মিরপুরের ৩৯৯টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল ১২৯টি কারখানা। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে ছুটি দিতে বাধ্য হয়েছে আরও ২৭০টি কারখানা।
এমন পরিস্থিতিতে দুই শ্রমিকনেতার মুক্তির দাবি এবং শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দুই সংগঠনের যৌথ বিবৃতি দেশের তৈরি পোশাকশিল্পের চলমান শ্রম পরিস্থিতিকে আন্তর্জাতিক আলোচনায় নতুন করে সামনে এনেছে।