দেশীয় পোশাকশিল্পে সৃজনশীলতা, ঐতিহ্য ও নান্দনিকতার বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ভূষিত হয়েছেন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা।
প্রখ্যাত শিল্পী বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সারগাম সাউন্ড স্টেশনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্মসচিব ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাং হারুন-অর-রশীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা এবং কিংবদন্তি অভিনেত্রী ও মহানায়িকা শবনমসহ শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।