মিয়ানমারে নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত করা হলে বাংলাদেশের আশ্রয়শিবির থেকে নিজ দেশে ফিরতে চান ৮২ দশমিক ৬ শতাংশ রোহিঙ্গা তরুণ-তরুণী। তবে কেবল মিয়ানমারে স্থিতিশীলতা ফিরলেই তাদের বড় অংশের মধ্যে প্রত্যাবাসনের আগ্রহ তৈরি হচ্ছে না। একইসঙ্গে নাগরিকত্ব, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাকেই দেশে ফেরার প্রধান শর্ত হিসেবে দেখছেন তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক একটি নীতি সংলাপে জরিপের ফল তুলে এসব তথ্য জানানো হয়।
জরিপে রোহিঙ্গা তরুণদের জীবনযাপন, কর্মসংস্থান এবং প্রত্যাবাসন-সংক্রান্ত আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরা হয়েছে। জরিপে উখিয়া ও টেকনাফের ১২টি আশ্রয়শিবিরে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৫৭৬ জন রোহিঙ্গা তরুণ-তরুণী অংশ নেয়। তাদের মধ্যে ২৯১ জন নারী ও ২৮৫ জন পুরুষ।
সংলাপে জরিপের তথ্য তুলে ধরে সংস্থার অ্যাডভোকেসি ও রেগুলেটরি এফেয়ার্স বিভাগের পরিচালক নাফিউল হাসান জানান, সামগ্রিকভাবে ৭৬ দশমিক ৭ শতাংশ তরুণ রোহিঙ্গা নির্দিষ্ট শর্ত পূরণ হলে মিয়ানমারে ফিরতে চান। তাদের মধ্যে ৮২ দশমিক ৬ শতাংশ নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত হলে ফিরতে আগ্রহী। এমনকি শিবিরে পর্যাপ্ত সহায়তা অব্যাহত থাকলেও নাগরিকত্ব ও অধিকার নিশ্চিত করা হলে ৮০ দশমিক ২ শতাংশ দেশে ফিরতে চান।
তবে নাগরিকত্ব ছাড়া এবং কর্মসংস্থানের সীমিত সুযোগ নিয়ে ফিরতে চান মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ। এ ক্ষেত্রে তরুণীদের আগ্রহ আরও কম, মাত্র ৮ দশমিক ৯ শতাংশ।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আশ্রয়শিবিরে সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ বন্ধ করে দেওয়া হলে এবং মিয়ানমারে সহায়তার প্রস্তাব থাকলেও ৫২ দশমিক ৬ শতাংশ তরুণ শিবিরেই থেকে যেতে চান। এ অবস্থায় ৩৫ দশমিক ৬ শতাংশ দেশে ফিরতে এবং ১০ দশমিক ৮ শতাংশ অন্য কোথাও চলে যেতে চান।
প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার পাশাপাশি রোহিঙ্গা তরুণদের কর্মসংস্থান ও শিক্ষার সংকটও উঠে এসেছে জরিপে। এতে দেখা যায়, মাত্র ১৭ দশমিক ৯ শতাংশ তরুণ বর্তমানে পড়াশোনা করছেন এবং ৩৮ দশমিক ৪ শতাংশ কোনও না কোনও জীবিকামূলক কাজে যুক্ত। অন্যদিকে, ৪৯ দশমিক ৭ শতাংশ পড়াশোনা কিংবা কোনও জীবিকামূলক কাজের সঙ্গে যুক্ত নন। অপরদিকে, জরিপে অংশ নেওয়া তরুণীদের ৮৪ দশমিক ৫ শতাংশ পড়াশোনা বা কাজের কোনোটিতেই যুক্ত নন। বর্তমানে পড়াশোনা করছেন ৬ দশমিক ৯ শতাংশ নারী। জীবিকামূলক কাজে যুক্ত নারীর হার ৯ দশমিক ৩ শতাংশ।
জরিপে বাংলাদেশের আশ্রয়শিবিরে জন্ম নেওয়া এবং মিয়ানমারে জন্ম নেওয়া তরুণদের প্রত্যাবাসন-আকাঙ্ক্ষার মধ্যেও বড় পার্থক্য পাওয়া গেছে। বাংলাদেশে জন্ম নেওয়া তরুণদের মাত্র ১১ দশমিক ৯ শতাংশ দেশে ফিরতে চান। অন্যদিকে, মিয়ানমারে জন্ম নেওয়া তরুণদের মধ্যে এ হার ৮৪ দশমিক ১ শতাংশ।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আমরা বারবার বলছি, রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান এবং এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করা। একইসঙ্গে তাদের জন্য একটি মধ্যমেয়াদি পরিকল্পনা প্রয়োজন, যাতে তারা সেখানে কীভাবে জীবন ধারণ করবে, সেই বিষয়টি নিশ্চিত করা যায়।
তিনি বলেন, আমরা মনে করি, মানবিক সহায়তার চেয়েও বড় প্রয়োজন হচ্ছে মিয়ানমারে রোহিঙ্গাদের জীবন ধারণের উপযুক্ত পরিবেশ তৈরি করা। তাদের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ থাকতে হবে। সেখানে স্কুল, হাসপাতালসহ প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো গড়ে তুলতে হবে। অর্থাৎ মিয়ানমারের মধ্যে রোহিঙ্গাদের জন্য একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তন প্রয়োজন। ক্যাম্পের চার দেয়ালের মধ্যে অনিশ্চিত ও অস্তিত্বহীন জীবন যাপন করা এই জনগোষ্ঠী যেন নিজ দেশে ফিরে স্বাভাবিক জীবন ধারণ করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।
তিতুমীর বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তাদের ভবিষ্যৎ মিয়ানমারেই। রাজনৈতিকভাবে তারা গণহত্যার শিকার হয়েছেন। এখন তাদের ভবিষ্যৎ জীবন গড়তে যে ধরনের শিক্ষা প্রয়োজন, ক্যাম্পে থেকে সেই শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাদের ভবিষ্যৎ মিয়ানমারকেন্দ্রিক। তাই বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কিংবা এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যমেয়াদি পরিকল্পনা থাকা প্রয়োজন। সেই পরিকল্পনার মাধ্যমে সেখানে তাদের জীবন ও জীবনযাত্রার বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
তিনি বলেন, আমরা একটি সার্বিক কৌশলের দিকে এগোচ্ছি। এ কারণে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, কূটনৈতিকভাবে এ সমস্যার সমাধান করতে হবে। সেই সমাধানের ক্ষেত্রে নন-স্টেট অ্যাক্টর ও স্টেট অ্যাক্টরদের মধ্যে যে পরিবর্তন ঘটছে, সেটিও আমরা সামগ্রিকভাবে বিবেচনায় নিচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই সংকটকে যথাযথভাবে উপলব্ধি করা। রোহিঙ্গারা নিপীড়িত, তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। তাদের অধিকার ও মানবাধিকার নিশ্চিত করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। মিয়ানমারে তাদের অবস্থান, জীবন, আশা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। সে কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছেন।
বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR)-এর প্রতিনিধি ইভো ফ্রেইজসেন বলেন, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন এখনো অনিশ্চিত থাকায় রোহিঙ্গা সংকট দিন দিন আরও জরুরি ও জটিল হয়ে উঠছে। বাস্তুচ্যুত অবস্থায় শরণার্থীদের সহায়তা দেওয়া এবং নিজ দেশে ফেরার পরও তাদের পাশে দাঁড়াতে টেকসই ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের পরিচালক নির্ঝর অধিকারি বলেন, রোহিঙ্গা সংকট এখন বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির ঘটনায় পরিণত হয়েছে। এই সংকটের চূড়ান্ত সমাধান হলো রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসনের সঙ্গে নিরাপত্তা, অধিকার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের বিশ্বাসযোগ্য নিশ্চয়তা থাকতে হবে।
তিনি জানান, চলতি বছরের জুলাই মাসে সরকার রোহিঙ্গা ইস্যুতে জাতীয় কৌশল প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করেছে। কমিটি সংকটের রাজনৈতিক, কূটনৈতিক, মানবিক, নিরাপত্তা ও আর্থসামাজিক দিকগুলো বিবেচনায় নিয়ে একটি সুস্পষ্ট কাঠামো তৈরি করছে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, গত নয় বছরের অর্থায়নের প্রবণতা পর্যালোচনা করলে দেখা যায়, মূলত পশ্চিমা দেশগুলোই এই কার্যক্রমে অর্থায়ন করেছে। তবে বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আমাদের আরও বৃহত্তর পরিসরে চিন্তা করতে হবে। এ ক্ষেত্রে আসিয়ান অঞ্চলের দেশগুলো এবং চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মনে হচ্ছে, প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নে অনেক সময় লাগবে। এ কারণে মধ্যমেয়াদি কৌশল গ্রহণ করা জরুরি। প্রতিবছর অর্থায়নের প্রতিশ্রুতি না দিয়ে দাতাদের কাছ থেকে একাধিক বছরের জন্য অর্থায়নের অঙ্গীকার নিতে হবে। এ জন্য উন্নয়ন সহযোগী, দাতা সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে একটি কমপ্যাক্ট বা সমঝোতা চুক্তি স্বাক্ষর করা প্রয়োজন।
এ সময় সংলাপে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের পরিচালক অ্যাডভোকেসি অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের তরিকুল ইসলাম, জ্যেষ্ঠ পরিচালক কেএএম মোরশেদ, বিশেষ অতিথি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, ইউএনএইচসিআর- বাংলাদেশের প্রতিনিধি ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে।