ইটিএ ছাড়াই শ্রীলঙ্কার ফ্লাইটে উঠতে পারবেন বাংলাদেশিরা

কারিগরি রক্ষণাবেক্ষণের (সিস্টেম মেইনটেন্যান্স) কারণে শ্রীলঙ্কার ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাতটি দেশ ছাড়া বাংলাদেশিসহ অন্যান্য দেশের যাত্রীরা পূর্বানুমোদন (প্রায়র ইটিএ অ্যাপ্রুভাল) ছাড়াই শ্রীলঙ্কাগামী ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় শ্রীলঙ্কান হাইকমিশনের এক জরুরি ভ্রমণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত পাকিস্তান, ক্যামেরুন, নাইজেরিয়া, আইভরি কোস্ট, ঘানা, আফগানিস্তান এবং সিরিয়ার নাগরিক ব্যতীত শ্রীলঙ্কাগামী অন্য সব দেশের যাত্রীরা আগে থেকে ইটিএ অনুমোদন না নিয়েই ফ্লাইটে উঠতে পারবেন।

যোগ্য যাত্রীরা শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর (বিআইএ) কিংবা দেশটির সংশ্লিষ্ট প্রবেশপথে (পোর্ট অব এন্ট্রি) পৌঁছানোর পর সেখান থেকেই ইটিএ অথবা ভিজিট ভিসা সংগ্রহ করতে পারবেন।

তবে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, শ্রীলঙ্কায় পৌঁছানোর পর সব যাত্রীকেই প্রচলিত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং প্রযোজ্য ভিসা শর্তাবলি পূরণ করতে হবে। দেশটিতে প্রবেশের চূড়ান্ত বিষয়টি সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সাময়িক ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ শ্রীলঙ্কান হাইকমিশন।