স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেলেন মেহেদী হাসান পলাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ। 

বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মেহেদি হাসান পলাশকে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিতে এক বছরের জন্য নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মেহেদী হাসান পলাশকে অন্য যে কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের অন্য শর্তগুলো চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মেহেদী হাসান পলাশ দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন নামক গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।