নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ইনার হুইল ক্লাব ধানমন্ডির র‍্যালি

নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীতে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি। 
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশান-২-এর জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্কে এ আয়োজন করা হয়।

আন্তর্জাতিক আন্দোলন ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘কমলা রঙে বিশ্ব গড়ি, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতাকে না বলি’।

২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত বিশ্বব্যাপী পালিত হয় ১৬ দিনের সক্রিয়তা কর্মসূচি। এরই অংশ হিসেবে আয়োজিত র‍্যালিতে ইনার হুইলের বিভিন্ন ক্লাবের প্রায় ১০০ নারী সদস্য, ক্লাব প্রেসিডেন্ট, বিদেশি অতিথি, স্কুলপড়ুয়া কিশোরী, ডিস্ট্রিক্ট ৩২৮-এর সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ২০২০-২১ সালের ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নায়ার ইসলাম বক্তব্য দেন। তিনি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে নীরবতা ভেঙে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এ আন্দোলনে পুরুষদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

ইনার হুইল ক্লাব অব ধানমন্ডির প্রেসিডেন্ট ফারজানা আবেদিন অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি ও সদস্যদের ধন্যবাদ জানান। এ সময় ক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে রবীন্দ্রসংগীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ পরিবেশন করেন। বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, বিদেশি অতিথি ও স্কুলপড়ুয়া কিশোরীরাও বক্তব্যে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, অধিকার এবং সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শামীম খন্দকার আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

কর্মসূচির অংশ হিসেবে ‘অরেঞ্জ প্লেজ’ শীর্ষক অঙ্গীকার বোর্ডে অতিথি ও অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নিজেদের অঙ্গীকার ও বার্তা লিখে দেন। পরে মোমবাতি প্রজ্বালন এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আয়োজকদের মতে, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা শুধু নারীর নয়, সমাজের সবার দায়িত্ব। এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।