ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অসুস্থ অবস্থায় দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন— শাহ্জামাল (৫০) ও মো. আবদুল্লাহ আল মামুন (২৪)।
বুধবার (২৬ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে রাত ১১টা ২৫ মিনিটে শাহ জামাল মারা যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোর বেনাপোল উপজেলার সাদিপুর গ্রামের মৃত মো. রুহুল আমিনের ছেলে শাহ জামাল। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন।
অপরদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কিডনি ও ক্যানসারজনিত অসুস্থ অবস্থায় কারারক্ষীরা বন্দি আব্দুল্লাহ আল মামুনকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তিনি রামপুরা থানার মামলার আসামি ছিলেন। তার বাসা পূর্ব রামপুরায়। তার বাবার নাম মৃত মো. মোকলেস শেখ।