জরুরি কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে ইউএস-বাংলা

ইউএস বাংলা

জরুরি পণ্য পরিবহনের জন্য কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন ছাড়াও কার্গো পরিবহন শুরু করবে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি। রবিবার এক (১২ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, করোনা দুর্যোগে দেশের আমদানি-রফতানি সচল রাখার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স সরকারের কাছে কার্গো ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি চায়। সার্বিক বিষয় পর্যালোচনা করে ইউএস-বাংলাকে কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, একমাত্র ইউএস-বাংলার একটি ফ্লাইট সপ্তাহের প্রতি শনিবার ঢাকা-গুয়াংজু রুটে পরিচালনা করছে। ইউএস-বাংলার চারটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে আপৎকালীন সময়ে বিভিন্ন দেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন করবে। বিশেষ করে মহামারি করোনাভাইরাসের সময়কালীন স্বাস্থ্যসেবাকে সচল রাখার জন্য চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্কসহ নানাবিধ পণ্য আমদানি করা হবে।
এছাড়া জরুরি রফতানি পণ্য বিশেষ করে গার্মেন্টস পণ্য, পচনশীল দ্রব্য শাক-সবজি ইত্যাদি বিদেশে রফতানিতে ভূমিকা রাখতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে কার্গো কম্পাউন্ডে প্রায় ২০ টন কার্গো পরিবহন করতে পারবে। বাংলাদেশের সঙ্গে কার্গো পরিবহনে যেসব দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি আছে ইউএস-বাংলা এয়ারলাইন্স সেসব দেশে কার্গো পরিবহন করতে পারবে। প্রাথমিকভাবে এশিয়ার দেশগুলোতে বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, সৌদি আরব, থাইল্যান্ড, ভারত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে কার্গো পরিবহনের পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।