নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকদের মৃত্যু

রাজধানীর ক্যান্টনমেন্ট পশ্চিম মানিকদি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নয় তলা থেকে নিচে পড়ে বাবুল মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) দিবাগত রাত ১১টায় দুর্ঘটনাটি ঘটে।
সহকর্মী রেজাউল মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি করেন। সেখান থেকে (২৩ জুন) রাত একটায়‌ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী রেজাউল জানান, পশ্চিম মানিকদি নির্মাণাধীন ভবনের নয় তলায় রডের কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান বাবুল।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
মৃত বাবুল ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মুরকান গ্রামের মির হামজার ছেলে‌। ওই নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি। পেশায় তিনি রড মিস্ত্রি ছিলেন।