বঙ্গবন্ধুই মাছকে রফতানি পণ্য হিসেবে উল্লেখ করেছিলেন: আতিকুল ইসলাম

1জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাছকে রফতানি পণ্য হিসেবে উল্লেখ করেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণভবন লেকে পোনা মাছ অবমুক্ত করে আনুষ্ঠানিকভাবে মৎস্য উৎপাদনে সামাজিক আন্দোলনের সূচনা করেন। জাতির পিতা মাছকেও বাংলাদেশের রপ্তানি পণ্য হিসেবে উল্লেখ করেছিলেন। পাশাপাশি মৎস্যসম্পদ বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় প্রধান খাত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন।
রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার সময় মেয়র এ কথা বলেন। এসময় মেয়র ১ হাজার ৮০টি রুই, ৩০০টি কাতলা, ১ হাজার ৫০টি মৃগেল ও ১৫০টি কালিবাউস মাছের পোনা অবমুক্ত করেন।
মেয়র বলেন, গত ১১ বছরে সরকারের নানা উদ্যোগের ফলে দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে জনপ্রতি দৈনিক ৬০ গ্রাম চাহিদার বিপরীতে ৬২ গ্রামের বেশি মাছ আমরা গ্রহণ করছি।
তিনি আরও বলেন, ঢাকা শহরের বিভিন্ন জলাশয়ের পানিতে অ্যামোনিয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। অবৈধভাবে পয়ঃনিশষ্কাশন লাইন জলাশয়ে ফেলায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যামোনিয়া বেশি থাকলে মাছ চাষ করা সম্ভব হয় না। আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। পুকুর, জলাশয় ও লেকের পানি দূষণ বন্ধ করতে হবে। অবৈধভাবে পয়ঃনিষ্কাশন লাইনের সংযোগ যাতে জলাশয়ে দেওয়া না হয় এজন্য তিনি ওয়ার্ড কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। মেয়র ছোট-বড় সকল জলাশয়ে আরও মাছ চাষের আহবান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন প্রমুখ উপস্থিত ছিলেন।