ডিএনসিসির উচ্ছেদ অভিযান: সড়কে রাখা আসবাবপত্র নিলামে

1অবৈধ স্থাপনা উচ্ছেদে মিরপুরের কালশী রোডে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে এগারটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শফিউল আজমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করা হয়। বিকেলে ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কালশী সাংবাদিক আবাসিক এলাকার সামনে থেকে মিরপুর সেকশন-১১ এর পূরবী সিনেমা হলের সামনে পর্যন্ত সড়ক দ্বীপে (মিডিয়ান) নিকটস্থ ব্যবসায়ীরা অবৈধভাবে গ্রিল ও আসবাবপত্র রেখেছিলেন। এর ফলে ডিএনসিসি কর্তৃক লাগানো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো।
মঙ্গলবার এসব অবৈধভাবে রাখা প্রায় তিন শতাধিক জানালার গ্রিল ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল উচ্ছেদ করে প্রায় ৪ হাজার ১০০ টাকায় গ্রিল ও আসবাবপত্র নিলামে দেওয়া হয়। এ এলাকায় অবৈধভাবে স্থাপিত ১০০টি দোকান উচ্ছেদ করা হয়।
এছাড়া অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করায় এবং ট্রেড লাইসেন্স না থাকায় ৪টি দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।