ডিএনসিসিতে ৭২ স্থাপনায় মিললো এডিসের লার্ভা

1এডিস মশা নিয়ন্ত্রণে পরিচালিত চিরুনি অভিযানের নবম দিনে ৭২টি স্থাপনায় এডিসের লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময়ে ১৫টি মামলায় ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সংস্থার আওতাধীন ১৩ হাজার ১৫০টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে এসব বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৯৪৪টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানের আজ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৩০১টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ৬৩৫টিতে এডিসের লার্ভা এবং ৬৯ হাজার ৭৫৭টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ৯ লাখ ৩১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।