এলইডি সড়ক বাতি স্থাপন প্রকল্পের পরিচালক ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম এবং বিএমটিএফ এর মহাব্যবস্থাপক (বিপণন) লে.কর্নেল তোফায়েল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
আতিকুল ইসলাম বলেন, আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪২ হাজার ৫০০ লাইট ২০২১ সালের মধ্যে স্থাপন করতে পারবো। নগরবাসীর জন্য এটি হবে ২০২১ সালে নববর্ষের উপহার। জানুয়ারি মাসের ১ তারিখে ডিএনসিসির কিছু অংশে এ লাইট জ্বলবে। নগরবাসীর জন্য নিরাপদ ঢাকা শহর করার জন্য যে আমারা যে প্রত্যয় ব্যক্ত করেছিলাম, সেই প্রত্যয়ের মধ্যে একটি হলো, ঢাকা শহরকে আলোকিত করে উজ্জ্বল রাখা। আমরা যে লাইটগুলো স্থাপন করছি তার প্রত্যেকটা ইউরোপে তৈরি। এগুলোর প্রত্যেকটির ১০ বছরের ওয়ারেন্টি পিরিয়ড দেওয়া আছে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কাজটি বাস্তবায়ন করবে। ওয়ারেন্টি পিরিয়ডে রক্ষণাবেক্ষণের কাজটিও বিএমটিএফ করবে।
‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এলইডি সড়ক বাতি সরবরাহ ও স্থাপন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটি গতবছর ২ সেপ্টেম্বর তারিখে পরিকল্পনা কমিশন কর্তৃক অনুমোদিত হয়। সংশোধিত প্রকল্প ব্যয় ৩৬৯ কোটি ১৪ লক্ষ ৩২ হাজার টাকা। মূল প্রকল্পে ৪২ হাজার ৪৫০টি সড়ক বাতি স্থাপনের কথা থাকলেও সংশোধিত প্রকল্পে ৪৬ হাজার ৪১০টি এলইডি বাতি স্থাপন করা হবে। প্রকল্পটির কাজ চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে সময় কয়েক মাস বেশি লাগতে পারে।
চুক্তি স্বাক্ষরকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, বিএমটিএফ এর পরিচালক (বিপণন) ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।