বিকল্প পদ্ধতিতে পরীক্ষার দাবিতে শাহবাগে মেডিক্যাল শিক্ষার্থীদের অবরোধ

শাহবাগ মোড়ে বিক্ষোভকারীদের অবস্থানবিকল্প পদ্ধতিতে পরীক্ষাসহ সেশনজট মুক্ত মেডিক্যাল শিক্ষাবর্ষের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ মেডিক্যাল ও ডেন্টালের শিক্ষার্থীরা। রবিবার (১ নভেম্বর) সকাল ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, করোনা মহামারিতে প্রফ (পেশাগত পরীক্ষা) নয়, প্রফের বিকল্প চাই, অনতি বিলম্বে সেশনজট দূর করার জন্য পরবর্তী ধাপের অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হোক। পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে মেডিক্যাল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করতে হবে।

বিক্ষোভকারী মেডিক্যাল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা স্বাভাবিক হলে পরীক্ষা দিতে চাই। সেটা হতে পারে এক অথবা দুই মাস পরে। আমরা বন্ড সই করে পরীক্ষায় বসতে রাজি না। পরীক্ষায় বসে করোনায় আক্রান্ত হলে, এর দায়ভার কে নেবে? কর্তৃপক্ষ কখনও দায়ভার নিবে না। তাই আমাদের দাবিগুলো আমলে নেওয়ার জোর দাবি করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী জানান, ‘সাম্প্রতিক মহামারি কোভিড-১৯ এর কারণে দেশের অন্যান্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মতো, দেশের সব মেডিক্যাল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। কিন্তু সরকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরবর্তী শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য বিভিন্ন গ্রহণযােগ্য পদক্ষেপ গ্রহণ করলেও, মেডিক্যাল শিক্ষার্থীদের কার্যক্রম সচল রাখার জন্য পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা হুমকি স্বরূপ হতে পারে।’
 
তিনি আরও জানান, ‘ইতোমধ্যেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় পেশাগত পরীক্ষার (প্রফ) শিক্ষার্থীদের সময় মতো পরীক্ষা না হওয়ায় তারা আট মাস পিছিয়ে রয়েছে। ভয়ানক এক সেশনজটের দিকে এগিয়ে যাচ্ছি। এমবিবিএস বা বিডিএস শিক্ষাব্যবস্থা একটি দীর্ঘমেয়াদী কোর্স। একজন শিক্ষার্থীর সম্পূর্ণ কোর্স শেষ করতে নূন্যতম ছয় বছর লেগে যায়। ফলে শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।’
 
বিক্ষোভকারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা জানান, প্রাইভেট মেডিক্যাল কলেজগুলােয় ক্লাস ও হােস্টেল বন্ধ থাকা সত্ত্বেও অতিরিক্ত বেতন পরিশােধের জন্য বিভিন্ন উপায়ে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করছে। যা প্রতিটি শিক্ষার্থীর জীবন মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। একই সঙ্গে এই অতিরিক্ত বেতন গ্রহণ বিএমডিসি নীতিমালা বহির্ভূত, কিন্তু এখন পর্যন্ত এসব সমস্যা নিয়ে কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি।

সরেজমিনে দেখা যায়, শাহবাগে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সেখানে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়।

ছবি: নাসিরুল ইসলাম