নদীর প্রাণ ফেরানোর দাবিতে স্মারকলিপি

স্মারকলিপি পেশরাজধানী ঢাকা ও আশেপাশের নদীগুলোর প্রাণ ফেরানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। রবিবার (১ নভেম্বর) দুপুরে ‘নদী বাঁচাও’ দিবসে দলটির ঢাকা মহানগর কমিটি বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাটের লালকুটি সংলগ্ন এলাকায় মানববন্ধন করে।

মানববন্ধন কর্মসূচি শেষে একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করে। এই সময়ে উপস্থিত ছিলেন, দলটির মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, সুত্রাপুর শাখা নেতা পিউ দাস।

মানববন্ধনস্মারকলিপিতে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়। ঢাকার প্রাণ এই নদীগুলোকে সতেজ ও সচল রাখার জন্য নদীগুলোর অবৈধ দখল উচ্ছেদ, খনন ও দূষণ মুক্ত করার কোনও বিকল্প নেই বলে জানানো হয়। নদীগুলোকে বাঁচাতে সবুজ বেষ্টনী গড়ে তুলে ঢাকার পরিবেশ-প্রতিবেশ সুরক্ষিত করার অনুরোধ জানানো হয়।

এর আগে মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন। এই সময় বক্তব্য রাখেন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, মহানগর নেতা জাহাঙ্গীর আলম ফজলু, মুর্শিদা আখতার নাহার, যাত্রাবাড়ী শাখা আনোয়ার আলী, সুত্রাপুর শাখার রমেশ দাস, পিউ দাস, গেন্ডারিয়া শাখা সম্পাদক মোস্তফা কামাল বিপুল, মনোরঞ্জন দাস প্রমুখ।