নগরের শতভাগ শিশু টিকা কর্মসূচির আওতায় আসবে: তাপস

মেয়র ফজলে নূর তাপস (ছবি: সাজ্জাদ হোসেন)আগামী এক বছরের মধ্যে নগরের শতভাগ শিশুকে টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘নগরের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের গুরু দায়িত্ব, আমরা সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।’

রবিবার (৮ নভেম্বর) সকালে নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে ডিএসসিসির নবগঠিত ৫ অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

মেয়র ব্যারিস্টার তাপস বলেন, ‘একটি সুস্থ জাতি গঠনের মূলে থাকে সেই জাতির স্বাস্থ্য সুরক্ষা। কিন্তু সুস্থ, সবল, সুনাগরিক তৈরির অন্তরায় রোগ। বর্তমান সরকার প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সরকার প্রধান শেখ হাসিনার এই পদক্ষেপের ফলে দেশের ৭৫ শতাংশ বিভিন্ন রোগ কমে এসেছে। সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে সরকার প্রধান পোলিও পুরস্কারসহ ভ্যাকসিন হিরোর উপাধি পেয়েছেন।’

কাউন্সিলরদের উদ্দেশে মেয়র বলেন, ‘অনেকেই হয়তো জানে না কোথায় টিকা দেওয়া হয়, এই জন্য প্রতিটি নাগরিকের বাসায় আপনারা যাবেন। তাদেরকে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে পাঠাতে উৎসাহিত করবেন। যাতে এই কর্মসূচিরর বাইরে কোনও শিশু না থাকে। প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের গুরু দায়িত্ব।’

এই সময় উপস্থিত ছিলেন, লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ইউনিসেফ-এর চিফ অব হেলথ মায়া ব্যানতেনেন্ট এবং দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্দ্ধতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা।