দ্বিতীয় দিনেও ফুলবাড়ীয়ার দুই শতাধিক দোকান উচ্ছেদ

ecf5aea4-8ea5-4279-ad7a-1206239ea74eফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এর অবৈধ দোকান অপসারণের দ্বিতীয় দিনের ২০০টির বেশি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন (ডিএসসিসি)। বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২টা থেকে এই অভিযান শুরু হয়ে চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে এই অভিযান চালানো হয়।

তবে উচ্ছেদের প্রতিবাদে আজও বিক্ষোভ করছে ক্ষুব্ধ ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের দাবি, পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। তাছাড়া তারা করপোরেশনকে দোকান ভাড়া দিয়েই ব্যবসা পরিচালনা করে আসছিল। হঠাৎ করে কোনও নোটিশ ছাড়া এমন উচ্ছেদে করোনাকালে তাদেরকে পথে বসতে হবে।

ডিএসসিসি সূত্র জানায়, ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ অবৈধভাবে নির্মিত ৯১১টি দোকান নির্মাণ করা হয়েছিল। এর আগে গতকাল মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে সাড়ে ১১টা থেকে এই মার্কেটে অভিযান শুরু করে ডিএসসিসি। বুধবারের অভিযানে মার্কেটের সামনের চার তলার দুইটি বিল্ডিং, পেছনের সারির ১০৪টি দোকান, মার্কেটের ভেতরে ৪০টি দোকানসহ সব মিলিয়ে ২০০ এর বেশি দোকান উচ্ছেদ করা হয়।