রাজধানীতে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর ডেমরায় স্টাফ রোড এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সোহাগ মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মামা বাবু জানান, সোহাগ ডেমরা স্টাফ রোডে ইজিবাইকের লাইন ম্যান হিসেবে কাজ করতো। দায়িত্ব পালন করার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা গ্রামে। তার বাবার নাম মোতালেব মিয়া। সে ঢাকার সারুলিয়ার হাজি নগর এলাকার মিনহাজ সাহেবের বাড়িতে ভাড়া থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়।