আগামীকাল মোহাম্মদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাসপাইপলাইনের কাজের জন্য রাজধানীর মোহাম্মদপুরে আগামীকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বেলা দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রায় পুরো মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম খান বলেন, মোহাম্মদপুরে গ্যাসের প্রেশার কম। প্রেশার বাড়ানোর জন্য কাল কাজ হবে। তাই গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। আমরা যত দ্রুত পারি কাজ শেষ করে গ্যাস সরবরাহ শুরু করবো। সাময়িক অসুবিধার জন্য তিতাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। তবে পরবর্তীতে গ্রাহকরা ভাল প্রেশারে গ্যাস পাবেন বলে আশা করছি।
তিতাস এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর মোহাম্মদপুর নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইনে কাজের জন্য আগামীকাল বেলা দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত আওরঙ্গজেব রোড, শাহাজাহান রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, স্যার সলিমুল্লাহ রোড, রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড ও তৎসংলগ্ন এলাকা গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আবাসিক, সিএনজি, বাণিজ্যিক ও শিল্প সব গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে।
বিকাল চারটার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে তিতাস জানায়।