বকেয়া বেতনের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত তিন শতাধিক শ্রমিক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবে দফতরের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে দক্ষিণ নগর ভবনে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, তারা নিয়োগপত্র পেয়ে গত বছরের জুন মাস থেকে দৈনিক মজুরিভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত আছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মশক নিধন কাজের জন্য তাদের বিভিন্ন ওয়ার্ডে নিয়োগ করা করে ডিএসসিসি। নিয়োগের ৫ মাস পর তাদেরকে ওয়ার্ড থেকে প্রত্যাহার করে সচিব দফতরে সংযুক্ত করা হয়। সে থেকে নিয়মিত হাজিরা নেওয়া হলেও বেতন দেওয়া হচ্ছে না।
তারা আরও জানান, সচিব দফতরে তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্ব পালন করলেও গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন এখনও পাননি। কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। এতে পরিবার-পরিজন নিয়ে তারা বিপদে রয়েছেন।
তারা আরও জানান, বেতন না হওয়ার বিষয়ে কর্তৃপক্ষকে একাধিকবার বললেও তারা শ্রমিকদেরকে কোনও কিছুই জানায়নি। ফলে বাধ্য হয়ে মঙ্গলবার সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব দফতরের সামনে অবস্থান করেন। বিষয়টি নিয়ে কথা বলার জন্য একাধিকবার ফোন করলেও ডিএসসিসি সচিব ফোন ধরেননি।
তবে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী বাংলা ট্রিবিউনকে বলেন, বেতন পাচ্ছে না এটা ঠিক না। আমাদের বিভিন্ন স্থানে কর্মী বেশি রয়েছে। আমরা সেটা সমন্বয় করছি। সে কারণে একটু দেরি হচ্ছে। এই সমস্যা দূর হতে আরও একটু সময় লাগবে বলেও জানান তিনি।