রাজধানীর পান্থপথ বক্স কালভার্ট পরিষ্কার অভিযানের পঞ্চম দিনে ১০৬ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসি। একই সঙ্গে জিরানি খালের ত্রিমোহনী অংশে এক্সকাভেটর ব্যবহারের মাধ্যমে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু ও সেগুনবাগিচা বক্স কালভার্টের গোপীবাগ আউটলেট, মান্ডা ও কালু নগর খাল ম্যানুয়ালি বর্জ্য উত্তোলন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বদরুল আমিন বলেন, জিরানি খাল হতে বর্জ্য অপসারণ এবং চ্যানেল পরিষ্কারের লক্ষ্যে আজ সকাল থেকে আমরা যান্ত্রিক ব্যবস্থাপনায় বর্জ্য উত্তোলন কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি, সীমানা নির্ধারণ কার্যক্রমও চলমান রয়েছে। খালের সীমানার মধ্যে ইতোমধ্যে সীমিত আকারে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমাদের নির্ধারিত সময়সীমার মধ্যে আমরা খালের মধ্যে থাকা সকল স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করবো।
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরও বলেন, আমরা মান্ডা খাল ও শ্যামপুর খালেও বর্জ্য উত্তোলন কার্যক্রম পরিচালনা করছি। জিরানি খাল, শ্যামপুর খাল, বাসাবো কদমতলা খাল ও সেগুনবাগিচা বক্স কালভার্টের বর্জ্য অপসারণের মাধ্যমে মান্ডা খালের সঙ্গে এসব খাল ও বক্স কালভার্টের সংযোগ স্থাপন করার লক্ষ্যে কাজ করে চলেছি। এর মাধ্যমে জলাবদ্ধতাকে অনেকটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে বলে আমরা বিশ্বাস করি।