ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সামনের ফুটপাতের অস্থায়ী দোকান (হকার) উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল এবং সরকারি কাজে বাধা দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পাশাপাশি নিষিদ্ধ হওয়ার পরেও নগর ভবনের সামনে অবৈধভাবে লেগুনা রাখায় একজনকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। আদালত দণ্ডবিধির ১৮৬ ধারা মোতাবেক মো. কবির শেখকে ১৪ দিন, মো. পন্ডিত আলী হাওলাদারকে ১৫ দিন, মো. সোহেলকে ১০ দিন, টুটুল দাশকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ৯২ এর উপ-ধারা ৭ মোতাবেক অর্থদণ্ড প্রদান করেন।
এই সময় আদালতের নির্দেশে অবৈধভাবে স্থাপিত অস্থায়ী ১২টি দোকান উচ্ছেদ করা হয় এবং উচ্ছেদকৃত মালামাল ঘটনাস্থলেই নিলামের মাধ্যমে নগদ ৫০ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।