যতই প্রভাবশালী হোক কেউ কাজ ব্যাহত করতে পারবে না: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘খালগুলো থেকে বর্জ্য অপসারণ এবং অবৈধ দখল মুক্তের অভিযান চলমান রয়েছে। যতই প্রভাবশালী হোক না কেন কেউ আমাদের কাজকে ব্যাহত করতে পারবে না।’

বুধবার (১৭ ফেব্রুয়ারি) মান্ডা খালে চলমান বর্জ্য অপসারণ ও উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। মেয়র বলেন, ‘জানুয়ারি মাসের প্রথম থেকে খাল দখলমুক্ত এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। শ্যামপুর খাল ১০০ ফুট ছিল তা দখল হয়ে মাত্র ৮ ফুট জায়গা আমরা পেয়েছিলাম খালের। সেটা আমরা দখলমুক্ত করেছি, আরও কাজ চলছে। একই রকম অবস্থা প্রায় সব খালেরই। সব খালেই আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা মান্ডা খালে এসেছি, এখানেও দেখতে পাচ্ছি নতুন করে কিছু দখল হয়েছে। আজ থেকে এখানেও ব্যবস্থা নিবো।’

মেয়র জানান, এই পর্যন্ত ৪৫ দিনে প্রায় এক লাখ মেট্রিক টন বর্জ্য এবং মাটি খাল থেকে অপসারণ করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত আরও গতিশীল ভাবে কার্যক্রম পরিচালিত হবে। বর্ষা মৌসুমে যাতে বৃষ্টির পানি সঠিকভাবে প্রভাবিত হতে পারে সেটাই এই কাজের আপাতত মূল লক্ষ্য।

তাপস আরও বলেন, ‘আমাদের এখন যে বড় প্রতিকূলতা দেখা দিয়েছে তা হলো, আমারা ওয়াসা থেকে যে পাম্ব স্টেশন পেয়েছি সেগুলো অচল, এগুলো এখনও চালু করতে পারিনি। বিশেষজ্ঞ এবং কারিগরী বিশেষজ্ঞদের দিয়ে কাজ করাচ্ছি। যদি পাম্ব স্টেশনগুলো চালু করতে না পারি, তাহলে পানি নিষ্কাশন আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। কাজ করে যাচ্ছি, আশা করছি আগামী এপ্রিলের মধ্যে এগুলো চালু করতে পারবো।’

দক্ষিণ সিটি মেয়র আরও বলেন, ‘আগামী মার্চের মাঝামাঝি গিয়ে আমাদের কাজের কৌশল এবং পরিকল্পনা কিছুটা ঢেলে সাজাবো। সে সঙ্গে এপ্রিলের শেষ পর্যন্ত আমাদের কার্যক্রম প্রসারিত করবো। যদিও এই কার্যক্রম অত্যন্ত কঠিন কাজ, তবুও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এই গতিতে যদি আমাদের কাজ চলমান রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ জলাবদ্ধতা অনেকাংশেই নিরসন হবে এবং ঢাকাবাসীকে জলবদ্ধতা থেকে মুক্তির সুফল কিছুটা হলেও দিতে পারবো।’

মান্ডা খালে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।