আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে আইনি ও সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ল অ্যান্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন’-ব্লাজা।
রবিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে সুবিধাবঞ্চিত প্রায় ৬০টি শিশু শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি নাহিদুর রহমান বলেন, ‘মানবকল্যাণমূলক আইনি ও সামাজিক সংগঠন হিসেবে সারা দেশের প্রায় ৫ শতাধিক স্বেচ্ছাসেবক শিক্ষার্থী নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ব্লাজা। প্রতিষ্ঠালগ্নের পর থেকে বিভিন্ন আইনি ও সামাজিক কল্যাণমূলক কাজগুলো নিরলসভাবে করে যাচ্ছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্লাজার পক্ষ থেকে অসহায় সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের নিয়ে অঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রত্যেককে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পাশাপাশি তাদের জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আশরাফ রহমান শিক্ষার্থীদেরকে সীমাবদ্ধতার মাঝেও শিক্ষার আলোয় আলোকিত হওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সহ-সভাপতি সফিউল আলম মাসুদ, সাধারণ সম্পাদক আল আমীন, ব্লাজার নারী পরিষদের সভাপতি তাসনিয়া জাহীন সুমী, সদস্য রাহাত, নাহিয়ান, মামুনসহ প্রমুখ।