মাতৃভাষাই হতে হবে জ্ঞানার্জনের বাহন: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, যে জাতি মাতৃভাষাকে জ্ঞানার্জনের বাহন হিসেবে বেছে নিয়েছে, সে জাতি পৃথিবীতে সবচেয়ে বেশি এগিয়ে আছে। তিনি বলেন, ‘আমাদের ভাষা আন্দোলন চলমান। এই আন্দোলন চলমান রাখতে না পারলে এর অন্তর্নিহিত বিষয় হারিয়ে যাবে। মাতৃভাষাই হতে হবে জ্ঞানার্জনের বাহন।’

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত অনলাইন  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের  সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যারোমা দত্ত, অধ্যাপক ড. মুনতাসীর মামুন, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাহিত্যিক সেলিনা হোসেন, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী উচ্চশিক্ষায় বাংলা ভাষার অনুপস্থিতি বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা শিক্ষার প্রতি অনাগ্রহের জন্য হতাশা ব্যক্ত করে বলেন, ‘আমরা রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি। আসামেও বাংলার জন্য রক্ত দিয়েছে। দক্ষিণ আফ্রিকা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে রক্ত দিয়েছে। পৃথিবীতে বহুদেশে মাতৃভাষার আন্দোলন এখনও চলমান আছে।’ তিনি মাতৃভাষায় জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘জাপানিরা পৃথিবীর জ্ঞানভাণ্ডার জাপানি ভাষায় রূপান্তরের চেষ্টা অব্যাহত রেখেছে। আমাদেরও তা করতে হবে।’

প্রযুক্তিতে বাংলাভাষার উন্নয়নে ১৬টি টুলসের উন্নয়নে ১৫৯ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে কাজ করবে বলে মন্ত্রী উল্লেখ করেন। সরকারি অফিসে নথিপত্রে বাংলার ব্যবহার নিশ্চিত করা হলেও বেসরকারি অফিসগুলোর বাংলা ব্যবহারে অনাগ্রহের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বাংলা ভাষার উন্নয়নে ভাষা নীতি অপরিহার্য।’

বক্তারা বাংলাভাষার জন্য একটি ভাষা একাডেমি প্রতিষ্ঠা ও ভাষা নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।