খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার শ্রমিক নেতা রহুল আমিনের মুক্তি ও এই আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।
বুধবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে রোকেয়া হল-রাজু ভাস্কর্য-শাহবাগ হয়ে ফের রাজু ভাস্কর্যে এসে সমাবেশ করেন তারা।
সমাবেশে গত ২৬ ফেব্রুয়ারি শাহবাগে মশাল মিছিল থেকে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে জামিনে মুক্তি পাওয়াদের ফুল দিয়ে বরণ করে নেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) সভাপতি আল কাদেরী জয় এবং সঞ্চালনা করেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন।
সমাবেশে আল কাদেরি জয় বলেন, ‘শেখ হাসিনা সরকার বুঝে গেছে, অবৈধ নির্বাচন দিয়ে তার পক্ষে আর ক্ষমতায় থাকা সম্ভব না,তাই এই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে,হামলা দিয়ে,মামলা দিয়ে আজকে ক্ষমতায় টিকে থাকতে চায়। আমরা এই আইন বাতিলের দাবিতে মিছিল,সমাবেশ,বিক্ষোভ,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি করে আসছি। এই কর্মসূচির কারণে আমরা দেখেছি, সরকার প্রধানসহ তারা বলতে বাধ্য হয়েছে, এই আইন সংশোধন করা হবে। কিন্তু আমরা চাই, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন নয়, অবিলম্বে এই আইন সম্পূর্ণরূপে বাতিল করা হোক।’
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, ছাত্র নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার,শ্রমিক নেতা রুহুল আমিনের মুক্তি,লেখক মুশতাক হত্যার বিচারের দাবিতে আগামী দিনে আইন মন্ত্রণালয় ঘেরাওসহ আরও বৃহত্তর কর্মসূচির দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ও সদ্য কারামুক্ত তানজীদ হায়দার চঞ্চল বলেন,‘এ সরকার মানুষের, ছাত্র, বুদ্ধিজীবী, কার্টুনিস্টদের ভয় পায়। আওয়ামী সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সবার কণ্ঠরোধ করে রেখেছে। স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকসহ সকলের কন্ঠরোধ করতে চায়। এখন পর্যন্ত এ আইনে গ্রেফতার হওয়া সকলকে মুক্ত করার দায়িত্ব আমাদের। সকলকে মুক্ত করা ও যাদের নামে মামলা দেওয়া হয়েছে, ওইসব মামলা প্রত্যাহারের আগ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।'
সমাবেশে উপস্থিত ছিলেন— বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের দফতর সম্পাদক আবদুল মোমিন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার,বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদ) সভাপতি মাসুদ রানা,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মইনুদ্দিন,বৃহত্তর পাহাড়ি ছাত্র সংগঠন ঢাকা মহানগরীর সভাপতি শুভাশিস চাকমা।
প্রসঙ্গত, শ্রমিক নেতা রহুল আমিনকে গত ২৬ ফেব্রুয়ারি রাতে খুলনার খালিশপুরের বাড়ি থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।