রাজধানীর কাঁঠাল বাগানে আগুন

রাজধানীর কাঁঠাল বাগানে বাংলা ভিশন টিভি ভবনের পাশে কয়েকটি টিনশেডের  ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ৯টা ১৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিমেল।

তিনি বলেন, ‘রাজধানীর কাঁঠাল বাগানে বাংলা ভিশন টিভি ভবনের পাশে কয়েকটি ছোট ছোট টিনশেডের ঘরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।’

অগ্নিকাণ্ডের ৪০ মিনিট পর রাত ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও ঘটনা না ঘটলেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিমেল।