ভ্যাকসিন নিশ্চিত করে বিসিএস পরীক্ষা নেওয়ার দাবি

১৯ মার্চ অনুষ্ঠিতব্য ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। সোমবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে পরীক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজের শিক্ষার্থী মো. দিদার। তিনি করােনা মােকাবিলায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনারা নিশ্চয়ই আমাদের দেশে করােনার ফের উত্থান ও বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন । করােনা মােকাবিলায় সফল বাংলাদেশ সরকারের সময়ােপযােগী সিদ্ধান্তে ঝুঁকি বিবেচনায় আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ ও হলগুলাে বন্ধ আছে। এ পরিস্থিতিতে ১৯ মার্চ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪১তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থী যারা আবাসিক হলে থাকি তারা বেশ কিছু যৌক্তিক কারণে এই পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার অনুরােধ জানাই। এই পরীক্ষার তারিখ হল খােলা ও ভ্যাক্সিনেশন কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পুনঃনির্ধারণের দাবি জানাই।’

তিনি বলেন, ‘সম্প্রতি করােনার নতুন ধরন ও ঊর্ধ্ব সংক্রমণ দেখা দিয়েছে। এ অবস্থায় পরীক্ষা নিলে শিক্ষার্থী ও তাদের পরিবার ঝুঁকিতে পড়বে। অনেক দেশেই নতুন করে লকডাউন দেওয়া হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতও নতুন ধরনের করােনা মােকাবিলায় হিমশিম খাচ্ছে। আমাদের দেশে নতুন ধরনের করােনার আগমন হয়েছে এই খবর ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। আমরা দেখতেও পারছি যে, করােনায় দৈনিক শনাক্ত সংখ্যা এখন ঊর্ধ্বমুখী। গত ১৩ ফেব্রুয়ারি পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাবে শনাক্ত নেমে গিয়েছিল ২৯১ জনে। এর আগে ৭ ফেব্রুয়ারি ছিল ২৯২ জন । এর কাছাকাছি সময়ে আরও চার দিন শনাক্ত ছিল ৩০০ জনের নিচে। এর পর থেকেই ফের সংক্রমণ বাড়তে থাকে।

বিসিএস পরীক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তিনি আরও বলেন, করােনাভাইরাসের কারণে আমাদের বয়সী অনেকেই প্রাণ হারিয়েছেন। যেমন- করােনা আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হােসেন মিনা গত ২৩ জানুয়ারি রাতে রাজধানীর মুগদা হাসপাতালে মৃত্যুবরণ করেন। মিনা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষার্থী ও ৪১তম বিসিএস পরীক্ষার্থী ছিলেন। একটি বিসিএসের কারণে আরাও কিছু জীবন ঝুঁকিতে পড়বে না এর নিশ্চয়তা কি? আমাদের টানা আড়াই ঘণ্টা বদ্ধ ঘরে অবস্থান করতে হবে, যেখানে করােনার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি ।

তিনি আরও বলেন, ‘অন্যান্য চাকরির পরীক্ষা স্থগিত হচ্ছে। করােনার ঝুঁকি বিবেচনায় এই মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ ডাক বিভাগসহ বেশ কিছু সরকারি চাকরির পরীক্ষা স্থগিত হয়েছে। আমরা আশাবাদী, মানবিক ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভ্যাক্সিনেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ৪১তম বিসিএস এর তারিখ পুনঃনির্ধারণ করবেন।