রাজধানীর মতিঝিলে বক চত্বর সংলগ্ন পাটকল করপোরেশন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও উদ্ধার কাজে অংশ নিয়েছে। ভবনটিতে ব্যাংকসহ একাধিক বেসরকারি প্রতিষ্ঠানও রয়েছে।
সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে সাততলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাটকল করপোরেশনের ভবনটি সাততলা। সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন একজন ব্যক্তি। এরপর জাতীয় জরুরি সেবা ফায়ার সার্ভিসের সঙ্গে তাকে কথা বলিয়ে দেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের একজন কলার ফোন করে জানান অগ্নিকাণ্ডের বিষয়টি। আমরা সঙ্গে সঙ্গে তাকে ফায়ার সার্ভিসের সঙ্গে কানেক্ট করে দেই। তিনি ঠিকানা বলার পর অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে চলে আসে।’
ছবি: নাসিরুল ইসলাম।