রাজধানীতে পৃথক ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন— চকবাজারে এসি মেরামতকারী আলামিন (৩৩) ও মোহাম্মদপুরে নির্মাণ শ্রমিক বিল্লাল হোসেন (৩০)।  

শনিবার (২৭ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটেছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু দুই জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে তাদের দুই জনের মৃত্যুর ঘটনা অবহিত করা হয়েছে।  

মৃত আলামিনের বাবা উসমান গনি জানান, নাজিমউদ্দীন রোডের একটি পাঁচ তলা ভবনে এসি মেরামতের কাজ করার সময় শনিবার সকাল সাড়ে ১০টায় পঞ্চম তলা থেকে পা ফসকে নিচে পড়ে যায় আলামিন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আলামিন বরিশাল জেলার উজিরপুর উপজেলার উসমান গনির ছেলে। বর্তমানে মগবাজার বাটার গলিতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তিন মাস বয়সী একটি মেয়ের জনক তিনি।

অপর দিকে, মৃত বিল্লাল হোসেনের  ভাই সুজন জানিয়েছেন, মোহাম্মদপুর বাস স্টেশনের পাশে সকাল সাড়ে ৯টার দিকে একটি নির্মাণাধীন দুই তলা ভবনে রাজ মিস্ত্রির কাজ করছিলেন বিল্লাল। সেখানে কাজ করার সময় দেয়ালে পানি দিচ্ছিল তিনি। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া হাই ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান বিল্লাল। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচরা গ্রামের আবু তাহেরের ছেলে বিল্লাল বর্তমানে মোহাম্মদপুরের চাদ উদ্যানে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।