কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশ তাপসের

সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। সেই ঘোষণা মোতাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরীকে কেন্দ্রীয় কারিগরি কমিটির সুপারিশ ও স্বাস্থ্য অধিদফতরসহ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দেন বলে জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
লকডাউন বাস্তবায়নে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ইতোমধ্যে মেয়র সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এ নিয়ে আগামীকাল একাধিক সভা রয়েছে।