জনসাধারণ সরকার ঘোষিত লকডাউনের শর্তাবলী মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। পাশাপাশি এডিস মশার লার্ভার বিরুদ্ধেও অভিযান পরিচালিত হয়। অভিযানে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) একযোগে ডিএসসিসির সব অঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) পাশাপাশি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা অভিযানের নেতৃত্বে দেন। অভিযানে কিছু এলাকায় স্বাস্থ্যবিধি না মানা এবং কিছু স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় সবমিলিয়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেন আদালত।
ডিএসসিসির আঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনিনের আদালত ধানমন্ডি ও হাতিরপুল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনি সাত মসজিদ রোডের ইউনিমার্টসহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও খাবার দোকানের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করেন। পাশাপাশি ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে তিনি হাতিরপুল এলাকায় রাস্তার ওপরে অবৈধভাবে প্রতিষ্ঠিত কাঁচাবাজার সরিয়ে দেন।
অভিযোগ প্রসঙ্গে অঞ্চল-১ এর কর্মকর্তা মেরিনা নাজনিন বলেন, ‘মানুষ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন হোটেল ও খাবার দোকানে এখনও খাবার গ্রহণ করছেন। অভিযানে এরকম বেশ কয়েকটি হোটেল ও খাবার দোকানে এ ধরনের পরিবেশ পাওয়ায় মোট ৬টি মামলা দায়ের এবং সেসব মামলায় মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা নগরীর ধানমন্ডি এলাকায় ১৬টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে দুটি ভবনের বেজমেন্টে এডিস মশার লার্ভা পান। এ সময় ওই দুই ভবন মালিকের বিরুদ্ধে দুটটি মামলা দায়ের ও ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া বাংলামোটর এলাকায় রাস্তার ওপরে পাকা ভবনের ভাঙা রাবিশ ফেলে রাখায় ভবন মালিকের কাছ থেকে মুচলেকা নেন।
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে ৪০ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন ২৫টি স্থাপনায় এডিস মশার লার্ভা বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় আদালত দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি মামলা দায়ের এবং ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
এছাড়াও ডিএসসিসির অন্যান্য অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে নিজ নিজ অঞ্চলে অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।