মোটরবাইকে বন্ধ রাইড শেয়ারিং, চলছে ‘কার’

সরকার ঘোষিত সাতদিনের লকডাউনে বেশ কিছু সার্ভিস বন্ধ রাখার পর তা ফের চালু করেছে রাইড শেয়ারিং কোম্পানি উবার ও পাঠাও। সোমবার থেকে তাদের মোটরবাইক সার্ভিস বন্ধ থাকলেও ‘কার’ সহ অন্যান্য সার্ভিসগুলো চালু করা হয়েছে। উবার ও পাঠাও সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার অ্যাপে উবারের ‘কার’ সার্ভিস চালু দেখা গেছে। এদিন বিকেল পাঁচটার দিকে খিলগাঁও সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে গুলশান-২ নম্বর পর্যন্ত উবারে কার সার্ভিসে ভাড়া দেখাচ্ছে ২৬২ টাকা। একই সময়ে তাদের মটো সার্ভিসের পার্সেল সার্ভিসও চালু দেখা গেছে।

বিষয়টি নিয়ে উবারের মুখপাত্র বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা মেনে আমরা উবার এক্স, প্রিমিয়ার এবং ভাড়ায় চালিত গাড়ি সার্ভিসগুলি আবার শুরু করেছি। আমরা বিশ্বাস করি- এই চ্যালেঞ্জিং সময়ে রাইডারদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য যাতায়াত সহজ হবে।’

পাঠাও কর্তৃপক্ষ জানায়, লকডাউন চলাকালে ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চালুর সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ‘পাঠাও’। তাই বুধবার থেকে নির্দেশনা মেনে সংশ্লিষ্ট এলাকায় চালু রয়েছে পাঠাও’র ‘কার’ সার্ভিস। গণপরিবহন সেবায় দেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ‘পাঠাও’ মনে করে, করোনা মহামারির নিয়ন্ত্রণে অবশ্যই আমাদের সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে ও মেনে চলতে হবে স্বাস্থ্য বিধিসহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা।

এদিকে কোম্পানি দুটির সার্ভিস বন্ধ থাকার পর রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে উবার ও পাঠাওয়ের মোটরবাইক চালকরা। এ পরিস্থিতিতে সরকার বুধবার সকাল থেকে দেশের সিটি করপোরেশনগুলোর এলাকায় ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় অর্ধেক আসনে যাত্রী পরিবহনের সুযোগ দেয়।

কোম্পানি দুটির এমন সিদ্ধান্তের বিষয়ে জানতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে একাধিকবার ফোন করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।