যাত্রাবাড়ীতে মোটরবাইক দুর্ঘটনায় কিশোর নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের উপরে মোটরবাইক দুর্ঘটনায় রহিদ খন্দকার (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এছাড়া বাইকে থাকা রহিদের বন্ধু মারজান আহত হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিদ দক্ষিণ যাত্রাবাড়ীর ওহিদুর রহমান খন্দকারের ছেলে। সে রেডিমেট দোকানের কর্মচারী ছিল। তিন ভাই এক বোনের মধ্যে রহিদ ছিল তৃতীয়।

নিহতের বড় ভাই রানা খন্দকার জানান, শুক্রবার আনুমানিক বিকাল চারটার দিকে বন্ধুর সঙ্গে মোটরবাইকে ঘুরতে বের হয়েছিলেন রহিদ। যাত্রাবাড়ী থেকে গুলিস্তান যাওয়ার পথে হানিফ ফ্লাইওভারের উপরে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে শুনেছেন। গুরুতর অবস্থায় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে চারটায় রহিদকে মৃত ঘোষণা করেন। এছাড়া ওর বন্ধু মারজান চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।