ভিড় করে কী কিনছেন?

করোনা সংক্রমণরোধে কয়েকদিনের লকডাউন শেষে ব্যবসায়ীদের দাবির মুখে শুক্রবার (৯ এপ্রিল) খুলে দেওয়া হয়েছে শপিংমল ও দোকানপাট। শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। শনিবার (১০ এপ্রিল) গাউসিয়া ও আশপাশের এলাকায় দেখা গেছে উপচে পড়া ভিড়। ফুটপাতে চলার কোনও উপায় নেই। মার্কেটের ভেতরে ও বাইরের বিভিন্ন দোকানে ছিল ক্রেতাদের ভিড়।

সামনে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল), লকডাউন কড়াকড়ি হবে শুনে জরুরি কিছু কিনছেন কিনা প্রশ্ন করতে এক ক্রেতা হেসে বললেন, সেফটিপিন আর চুলের ব্যান্ড। সেখানে আধাঘণ্টা দাঁড়িয়ে দেখা গেল, ক্রেতারা ভিড় করে কিনছিলেন সেফটিপিন, চুলের ব্যান্ড, ক্লিপ, হিজাবের পিন, ছোট সাইড ব্যাগ, স্যান্ডেল।

করোনা সংক্রমণের মধ্যে আপা এসব পরে কেনা যেতো না, এমন প্রশ্নে একজন বললেন, দোকান খোলা, আবার কবে খোলে, ঈদের কিছু কেনাকাটা করে ফেলছি। কিন্তু করোনার সংক্রমণ এত বেড়েছে, এরমধ্যে এত ভিড়ে আসা কি ঠিক, জানতে চাইলে তিনি বলেন, গাউসিয়াতে এমনই ভিড় হয়। মাস্ক পরে আছি। বাকি আল্লাহ ভরসা।


অন্যদিকে ফুটপাতের দোকানিরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তাদের কেউ কোনও নির্দেশনা দেয়নি।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত আট ঘণ্টা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি পালন না করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


তবে শুক্র ও শনিবার বিভিন্ন শপিংমল ও দোকানপাট ঘুরে দেখা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের তেমন কোনও আগ্রহ নেই।



ছবি: নাসিরুল ইসলাম