নিজস্ব ফায়ার সেফটির ব্যবস্থা না রেখে ভবন নির্মাণ করলে তাদেরকে হোল্ডিং নাম্বার বা ট্রেড লাইসেন্স দেবে না ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এমনটাই জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম।
রবিবার (১৮ এপ্রিল) দুপুরে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতায় ‘সেভ চিলড্রেন’ কর্তৃক আয়োজিত ‘নগরে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃসংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র একথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শুধু উন্নয়নেই নয় দুর্যোগ মোকাবিলায়ও বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে।
ডিএনসিসির মেয়র করোনা ভাইরাস মোকাবিলায় সকলকে সরকার কর্তৃক জারিকৃত ১৮ দফা নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি সংযুক্ত ছিলেন।