তেলাপোকা মারার কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে তেলাপোকা মারার কীটনাশক খেয়ে হাবিবুর রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় এ ঘটনাটি ঘটে।

মৃত হাবিবুর কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইচ চর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে। দক্ষিণ খান হলেন মোর মেম্বার গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে। চার ভাইবোনের মধ্যে শিশু হাবিবুর ছিলো তৃতীয়।

শিশুটির বাবা হুমায়ুন মিয়া বলেন, আমি ভ্যানে করে মাছ বিক্রি করি, তার মা আসমা বেগম গার্মেন্টসে চাকরি করেন। আমরা দুজনে সকালে বাইরে চলে যাই। শুক্রবার বাসায় তেলাপোকা মারার কীটনাশক এনে রেখেছিলাম আজ কাজ থেকে ফিরে এসে ঘরে ছিটাবো। সেই তেলাপোকার কীটনাশক দুপুরে ছেলে হাবিবুর খাবার মনে করে খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।