যানজট বাড়ছে

দিন দিন শিথিল হয়ে পড়ছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। দোকানপাট শপিং মলসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। সড়কে গণপরিবহন ছাড়া সব পরিবহন চলাচল করছে। চেক পোস্টগুলোতে কড়াকড়ি দেখা যাচ্ছে না। ফলে সড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। কোথাও কোথাও দেখা দিচ্ছে যানজট। সোমবার (২৬ এপ্রিল) সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সকালে রাজারবাগ মোড়ে দেখা গেছে যানবাহনের দীর্ঘ জট। এই যানজট রাজারবাগ মোড় থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ সব ধরনের পরিবহন দেখা গেছে।

সড়ক মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য জসিম উদ্দিন বলেন, যানবাহন অনেক বেশি। ব্যক্তিগত গাড়িই বেশি। চার থেকে ৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

একই চিত্র দেখা গেছে বাংলামোটর মোড়ে। সেখানেও যানবাহনের বিপুল চাপ দেখা গেছে। পুলিশের চেক পোস্টেও কোনও তল্লাশি দেখা যায়নি।  ব্যক্তিগত গাড়ির চাপ সামাল দিতে হিমসিম খাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

সকালে উত্তরা থেকে দক্ষিণ সিটি করপোরেশনে অফিস করার জন্য যাত্রা দিয়েছেন রিয়াজ উদ্দিন। তিনি বলেন, প্রতিটি সিগনালেই জ্যামে পড়তে হয়েছে। আগের চেয়ে যানবাহনের সংখ্যা অনেক বেশি। কোথাও পুলিশের কোনও তৎপরতাও দেখিনি।

নগরীর সায়েন্সল্যাব, শাহবাগ, গুলিস্তান, পল্টন, কাকরাইল, শান্তিনগর, মগবাজার, কাওরানবাজার, ধানমন্ডিসহ অন্যান্য এলাকায়ও যানবাহনের বিপুল চাপ দেখা গেছে। দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, দোকানপাট শপিং মল খুলে দেয়ার কারণে মানুষের উপস্থিতি বেড়েছে।