ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি এলাকায় নানান ধরনের অনিয়ম করার কারণে আড়াই লক্ষাধিক টাকার খেসারত দিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী। করোনার বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুত রাখা এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে এই জরিমানার মুখে পড়ে ব্যবসায়ীরা।
শুক্রবার (৭ মে) ডিএনসিবির ভ্রাম্যমাণ আদালত পরিচালিত ৪৮টি মামলায় ২ লাখ ৫৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সংস্থার জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৫৩ হাজার ৭শ’ টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৮ হাজার ৭শ’ টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে ২৫টি মামলায় ৩ হাজার ৭শ’ টাকা, ৭ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৮ হাজার টাকা এবং ডিএনসিসির সমগ্র এলাকার জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ পরিচালিত মোবাইল কোর্টে মোট ২টি মামলায় এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।