যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

পৃথক ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বুধবার (১৯ মে) রাতে র‌্যাব-১০ এর সিনিয়র এএসপি কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে র‌্যাবের পৃথক অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকা হতে ২ জন ছিনতাইকারী’কে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মো. কাওছার (১৯) এবং যাত্রাবাড়ী থেকে মো. রাসেল (২৮) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চাকু, নগদ টাকা ও বলেড উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবত দক্ষিণ কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলো।