ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২১ মে) বেলা ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র তাপস বলেন, ‘তিনি অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন এবং সবসময় জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়নে কাজ করেছেন। ৭৩ নম্বর ওয়ার্ড করপোরেশনের নবসংযুক্ত ওয়ার্ডসমূহের একটি হওয়ায় তিনি কাউন্সিলর হিসেবে তাঁর ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ এলাকার সার্বিক উন্নয়নে বেশ সোচ্চার ছিলেন।’
তাপস শোকবার্তায় আরও বলেন, ‘দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় গুরুদায়িত্ব পালনের পাশাপাশি তিনি পরপর দু’বার করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব-কর্তব্য পালনে সর্বদা সচেষ্ট মো. শফিকুল ইসলামের মৃত্যুতে করপোরেশনের উন্নয়ন ও অগ্রগতির যাত্রা পথে আমি এক নির্ভরযোগ্য সহযোগীকে হারালাম।’
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।