শ্যামপুরে শুটার গানসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

রাজধানীর শ্যামপুরে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ মে) রাত ১টা ৪৫ মিনিটে র‌্যাব-১০ এর একটি বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. আপন সরকার (৩০), মো. জাহাঙ্গীর আলম রাজু (৪১), মো. ইকবাল হোসেন (৪০), মো. নাদিম (৩২), মো. অভি (২৭) ও মো. আকিব (৩০)।

এসময় তাদের কাছ থেকে ২টি শুটার গান, ৩ রাউন্ড এ্যামুনেশন (গুলি), ৪টি সুইস গিয়ার চাকু, ২টি ছোরা, ১টি মোটরবাইক, ৮টি মোবাইল ফোন ও নগদ ৪৮৫ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব ১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকতি করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।