সাভারে গ্যাসের আগুন থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (২ জুন) ভোরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ কবরস্থান রোডের একটি টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, আউয়াল ইসলাম (৩৫), তার স্ত্রী রেনু বেগম (২৮), মেয়ে আরফিয়া (৯), মাদ্রাসার ছাত্রী ও সাবলেট ভাড়াটিয়া আফরোজা বেগম (৩৫), অপর রুমের আব্দুল হাকিম (৩৫) ও স্ত্রী আদুরী খাতুন (৩০)।
দগ্ধদের সঙ্গে হাসপাতালে আসা জামাল উদ্দিন জানান, এরা সবাই টিনশেড বাসার ভাড়াটিয়া। এদের মধ্যে কেউ দর্জির কাজ করে, কেউ গার্মেন্টসে কাজ করে। ভোরে বাসায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ আগুনে দগ্ধ হয়ে বাইরে বেরিয়ে আসেন তারা। আগুনের সূত্রপাত সম্পর্কে তারা বলতে পারেনি। তবে ধারণা, গ্যাস পাইপের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, আগুনে আউয়ালের ১৫ শতাংশ, রেনু বেগমের ১৫ শতাংশ, আরফিয়ার ২২ শতাংশ, আফরোজা বেগমের ৫৫ শতাংশ, আব্দুল হাকিমের ২৩ শতাংশ ও আদুরী খাতুনের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।