রাজধানীর হাজারীবাগে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মামুন (৩২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার (৪ জুন) দুপুর পৌনে একটায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মামুনসহ আহত সুমন (৩৪) ও তাদের আত্মীয় ফরিদা বেগম (৫০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) এনামুল হক খন্দকার।
আহত সুমন জানান, হাজারীবাগের গজমহলে তাদের বাসা। হাসেম মোল্লা নামের এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। তারা জোরপূর্বক জমি দখলে নিতে আসলে আমরা বাঁধা দিই। এসময় হাসেম মোল্লার ভাড়াটে সন্ত্রাসী রফিকসহ ৮/১০ জন এসে আমাদেরকে মারধর করে এবং গুলি চালায়।