ছুটির দিনেও অফিস করেন সমাজসেবার কর্মকর্তা-কর্মচারীরা

সরকারি ছুটির দিনেও অফিস করছেন সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা। করোনার মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে দফতরটি খোলা রাখা হয়েছে। গত ৯ মে থেকে শুধু ঈদুল ফিতরের দিন ব্যতীত প্রতিদিন দফতরটি খোলা রয়েছে। সমাজসেবা অধিদফতরের গবেষণা কর্মকর্তা (গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও গণসংযোগ) মোহাম্মদ আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর আওতায় প্রায় ৯০ লাখ ভাতাভোগী রয়েছেন। তাদের ভাতা প্রাপ্তিতে যাতে কোনও জটিলতা না হয় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ছুটির দিনেও অফিস চালু রাখার সিদ্ধান্ত নেয়। আমাদের সদর কার্যালয়সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ অফিসে এসে প্রতিদিন দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ৯ মে সমাজ সেবা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ মো. নূরুল বাসির সই করা এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরের দিন ব্যতীত অন্যান্য সকল দিন সমাজসেবা অধিদফতর, সদর কার্যালয়ের সামাজিক নিরাপত্তা অধিশাখা এবং প্রশাসন ও অর্থ অধিশাখাসহ মাঠ পর্যায়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন সংশ্লিষ্ট সকল কার্যালয় যথারীতি খোলা থাকবে।