সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন; জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। কঠোর লকডাউনের একদিন আগে রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় অন্যতম বাহন হয়ে উঠেছে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল। উপায় না পেয়ে এসব বাহনে যাচ্ছেন যাত্রীরা। দূরপাল্লার গণপরিবহন বন্ধের মধ্যে গত কয়েকদিন ধরে এভাবে ঢাকা ছাড়ছে মানুষ।
শনিবার (২৬ জুন) সকাল থেকে গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা ছেড়ে যাবেন এমন মানুষের চাপ রয়েছে সেখানে। যারা রাজধানীর ছাড়ছেন তাদের অনেকেই নিম্নবিত্ত। ঢাকায় কাজ পাওয়ার কোনও আশা নেই, এ কারণেই দেশে গিয়ে কিছু একটা করার চেষ্টা করবেন তারা। সব ধরনের দুর্ভোগ মাথায় নিয়েই তারা রওনা হয়েছেন। আর প্রাইভেটকার সংশ্লিষ্টরাও ইচ্ছামতো ভাড়া হাকাচ্ছেন।
এ বিষয়ে গাবতলী জোনের ট্রাফিক সার্জেন্ট সোহেল জানান, দূরপাল্লায় গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। কিছু প্রাইভেটকার পেয়েছি, যেগুলোতে দূরপাল্লার যাত্রী পরিবহনের জন্য যাত্রী উঠানো হচ্ছিল। বিষয়টি নজরে এলে আমরা সেসব প্রাইভেটকারের বিরুদ্ধে মামলা করেছি।