রাজধানীর মগবাজারে বিস্ফোরণস্থল পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ।
সোমবার (২৮ জুন) দুপুরে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, হাইড্রোকার্বনের অস্তিত্ব পাওয়া যাওয়ায় ধরে নেওয়া যেতে পারে সেখানে প্রাকৃতিক গ্যাসের লিকেজ থেকে ঘটনাটি ঘটেছে। পাইপলাইনের মাধ্যমে এ গ্যাসের সংযোগ দেওয়া থাকে। তবে বৈদ্যুতিক দুর্ঘটনা, সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাস পাইপলাইন লিকেজ‑ যে কারণেই ঘটনা ঘটুক না কেন তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ জানা যাবে।
তিনি বলেন, এতো বড় বিস্ফোরণ, বড় আওয়াজ, এতো ধ্বংসযজ্ঞ‑ সাধারণভাবে এ ধরনের ঘটনা ঘটে না। সাধারণ নয় এমন কোন বিষয় এখানে জড়িত থাকতে পারে বলে মনে হচ্ছে। কোনও বিস্ফোরণের জন্য এত বড় ক্ষতি হতে পারে না। অভিজ্ঞতায় দেখেছি, বিভিন্ন জায়গায় এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। মগবাজারের এই ঘটনাটির সাথে সেগুলোর অনেক পার্থক্য।
হাইড্রোকার্বনের মাত্রা কেমন পাওয়া গেছে‑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে খোলামেলা থাকায় এর মাত্রা কম পাওয়া গেছে।
আবুল কালাম আজাদ আরও জানান, এ ঘটনার পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনা তদন্তে বিস্ফোরক পরিদপ্তরের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।