রাজধানীর মগবাজারে ৭৯ নম্বর ভবনে প্রকট বিস্ফোরণের ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে ঘটনাস্থল ঘুরে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেন কমিটির সদস্যরা। দুপুরেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তদন্ত কমিটি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।
মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পরীক্ষা করে ১২ শতাংশ মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে এই মিথেন গ্যাসের উৎস এখনও নিশ্চিত হতে পারেননি তারা। মিথেন গ্যাস থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানানো সম্ভব হবে।
তিনি বলেন, ‘বিস্ফোরণ স্থলের একদিক ফাঁকা ছিল, এ কারণে একদিকে প্রকট বিস্ফোরণ লক্ষ করা গেছে। যদি আবদ্ধ অবস্থায় থাকতো তাহলে, চারপাশ দিয়েই ব্যাপকতা থাকতো।’
এখানে তিতাস গ্যাসের কোনও সংশ্লিষ্টতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্ত করছি।’
আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মূলত গ্যাস থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এত বড় পরিসরে কী কারণে বিস্ফোরণ ঘটলো সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। আলামত সংগ্রহ করছি। তবে এখানে কোনও আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেনি।’
প্রসঙ্গত, রবিবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তৃতীয়তলা ভবনে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে দুই শতাধিক আহত ও ৭ জন নিহত হন। ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।