মগবাজারে বিস্ফোরণ

ক্ষতিগ্রস্ত ভবনটি ভাঙতে মালিককে চিঠি দেবে সিটি করপোরেশন

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ এবং এতে সর্বসাধারণের বসবাস ও প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ টানিয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ভবনটি ভেঙ্গে ফেলতে মালিককে দ্রুত চিঠি দেওয়া হবে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ডিএসসিসির অঞ্চল-১ এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবীব এসব কথা জানান।

তিনি বলেন, এরইমধ্যে ভবনটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। আমরা ভবন মালিককে চিঠি দেবো ভবনটি ভেঙে ফেলার জন্য। এবং ভবন মালিককে নিজ খরচে সেই ভবনটি ভাঙতে হবে। যদি ভবনমালিক এ ব্যাপারে কার্যকর কোনও ব্যবস্থা না নেন, তাহলে আমরা উদ্যোগী হয়ে পরবর্তী ব্যবস্থা নেব।

ডিএসসিসির ওই কর্মকর্তা আরও বলেন, বিস্ফোরণের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ভবনটির অনেক কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিম ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারণে এই ভবন কোনভাবেই মানুষের বসবাসের উপযোগী নয়। এখানে বসবাসের কোন সুযোগ দেওয়া হবে না কাউকে। ভেঙে ফেলা হবে। গতকাল ডিএসসিসির পক্ষ থেকে আঞ্চলিক কমিটি এই ভবনটি পরিদর্শন করে। এসময় কাঠামোগত ত্রুটি ধরা পড়ে, সেই ত্রুটির প্রেক্ষিতেই ভবনটি ভেঙে ফেলতে বলা হয়েছে।

ভবনের নিচতলায় বাণিজ্যিক দোকান থাকলেও দোতলায় এবং তিনতলায় ভাড়াটিয়া ছিল। তাদের জিনিসপত্র নিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সাথে যোগাযোগ করার কথা বলেন তিনি।