বৃষ্টিবন্দি লকডাউনের দ্বিতীয় সকাল (ভিডিও)

কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। রাজধানীর মিরপুর, ফার্মগেট, মোহাম্মদপুর, কাওরান বাজার, মগবাজার ও বনানীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে বৃষ্টি অব্যাহত আছে। লকডাউনের মধ্যেই বৃষ্টি, তাই বেশিরভাগ এলাকায় মানুষকে বাইরে কম বের হতে দেখা গেছে। তবে কোথাও কোথাও গতকালের মতো মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে।     

মিরপুরের ৬, ৭ ও ১১ নম্বর ঘুরে দেখা গেছে, মূল সড়কে যান ও লোকজনের চলাচল কম। বৃষ্টির কারণে লোকজন বাইরে কম বেরিয়েছে। রিকশার সংখ্যাও কম। তবে ৭ নম্বর সেকশনের বিভিন্ন রাস্তায় (গলি) লোকজনের উপস্থিতি গতকালকের মতোই। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সামাজিক দূরত্ব না মেনেই চায়ের দোকানের আড্ডা চলছে। ভাসমান কাঁচাবাজারে বেচাকেনা চলছে।

প্রথম দিনের তুলনায় মগবাজার মোড় থেকে বড় মগবাজার নয়াটোলায় মানুষের চলাচল বেশি দেখা গেছে।

বৃহস্পতিবারের মতো আজ শুক্রবারও রাজধানীর খিলগাঁও এলাকায় লকডাউন চলমান রয়েছে। খিলগাঁও এলাকার ভেতরের গলিগুলোতে দোকানপাট বন্ধ থাকলেও বেশকিছু দোকানপাট খোলা দেখা গেছে।